শিবচরে গণহত্যা দিবসে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলগভীর শ্রদ্ধা ও মর্যাদায় মাদারীপুরের শিবচর উপজেলায় পালিত হয়েছে গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় খানকান্দি সৈয়দ আশ্রাফ আলী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী ফকির এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জাকির হোসেন খান। শুরুতেই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের খান, বীর মুক্তিযোদ্ধা মো. শাহাজাহান হাওলাদার, মো. নূরুল ইসলাম খানসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনেরা।
বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের সেই কালরাত্রির বিভীষিকাময় গণহত্যার স্মৃতি তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার ওপর গুরুত্বারোপ করেন।