উপজেলার ঢাকা-ভাঙ্গা হাইওয়ের পাঁচ্চর গোলচত্বরে শুক্রবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়েছেন এক পরিবহন শ্রমিক। আহত আরমান সর্দার (৩৫) বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি প্রাইভেট গাড়ি ভাড়া নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী (ইথু) ও চালকের মধ্যে ভাড়ার বিষয়ে কথা কাটাকাটি শুরু হয়। ড্রাইভার চার হাজার টাকা ভাড়া দাবি করলে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়।
পরে জিয়াউল হক জিয়ার নেতৃত্বে একদল লোক ঘটনাস্থলে জড়ো হয়ে ফারুক মোল্লার অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় শিকদারকান্দি এলাকার নজরুল সর্দারের ছেলে আরমান সর্দার গুলিবিদ্ধ হন। এছাড়া আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান এবং শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমির হোসেন সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এদিকে, গুলির ঘটনার খবর ছড়িয়ে পড়লে পাঁচ্চর গোলচত্বরে ঢাকা-মুখী যানবাহন চলাচল অনেকাংশে কমে যায়। এতে যাত্রীদের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। রাতের অন্ধকারে অনেক যাত্রী পরিবহনের অপেক্ষায় সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।