ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের খবর গুজব, পদে বহাল রয়েছেন
নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগের খবর সঠিক নয় বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পদত্যাগ সংক্রান্ত একটি ফটো কার্ড ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে ব্যাংক কর্তৃপক্ষ একে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে দাবি করেছে।
ব্যাংকটির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, খুরশীদ আলমের পদত্যাগের বিষয়ে ব্যাংকের কাছে কোনো ধরনের সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক তথ্য আসেনি। তিনি যথারীতি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং তার পদত্যাগের খবরের কোনো সত্যতা নেই।
ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে ইসলামী ব্যাংক সব ধরনের ব্যবসায়িক ও দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে কাজ করছে। একই সঙ্গে গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যাংকের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক যৌথভাবে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক (অবজারভার) হিসেবে নিয়োগ দিয়েছে। ব্যাংকের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান এম. জুবায়দুর রহমান পদত্যাগ করেন।
অন্যদিকে খুরশীদ আলমের চেয়ারম্যান হিসেবে নিয়োগের পর থেকেই একাংশ গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তার পদত্যাগসহ সাত দফা দাবিতে রাজধানীর মতিঝিলের দিলকুশায় অবস্থান কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংকের ‘সচেতন গ্রাহক ফোরাম’। পাশাপাশি গত ৮ জুন ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারীরা দুই ঘণ্টার কলম বিরতি কর্মসূচি পালন করেন।
এছাড়া বুধবার (১০ জুন) রাজধানীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনকারী গ্রাহকরা অর্থমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ, বর্তমান পরিচালনা পর্ষদের পুনর্গঠন এবং ব্যাংকের বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তের দাবি জানানো হয়।
তবে এসব আন্দোলন ও দাবির মধ্যেও চেয়ারম্যান খুরশীদ আলম পদে বহাল রয়েছেন এবং তার পদত্যাগের খবর সম্পূর্ণ গুজব ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ।