মাদারীপুরের শিবচর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুষিতে আলতাফ মাদবর (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই বারেক মাদবর পলাতক রয়েছেন।
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগাররশি (বাচ্চু মাদবরকান্দি) গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আলতাফ মাদবর ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে। অভিযুক্ত বারেক মাদবর একই গ্রামের মোসলেম মাদবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জায়গা-জমি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আলতাফ ও বারেক মাদবরের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে দুই চাচাতো ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বারেক মাদবর আলতাফ মাদবরের বুকে সজোরে ঘুষি মারেন। এতে আলতাফ মাদবর মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ উদ্ধার করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”