পটুয়াখালীর মির্জাগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতা ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান লাভলুর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এরপর লুটপাট শেষে অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।শুক্রবার (১৭ জুলাই) রাতে পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঠালতলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। ওই বাড়ির লোকজন ঢাকাতে থাকায় বাড়িটি তালাবদ্ধ ছিল। ফলে কারোর আহতের ঘটনা ঘটেনি।
আওয়ামী লীগের ওই নেতার নাম কাজী মিজানুর রহমান (লাভলু)।
তিনি মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন মিজানুর। ২০২৪ সালের ৫ আগস্টে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে আছেন।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে বিষয়টি নিয়ে স্থানীয় কেউ প্রকাশ্যে কথা বলতে রাজি হননি।
মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, ‘শনিবার সকাল ৬টা ৮ মিনিটে ফোন পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দেখতে পান, কাজী মিজানুর রহমানের বসতঘরে আগুন জ্বলছে এবং বাড়ির সামনের অংশ ভাঙা। পরে তারা চারটি কক্ষের আগুন নিয়ন্ত্রণে আনেন।’
সরেজমিনে দেখা গেছে, ঘরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
কিছু মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে।