গাজীপুরের গাছা কলেজের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ কামাল উদ্দিন মনোনীত হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
মোঃ কামাল উদ্দিন গাজীপুরের গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত।
কামাল উদ্দিনের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার খবরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের প্রত্যাশা, তার নেতৃত্বে গাছা কলেজের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
বিশেষ করে নারী শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, কলেজে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও ইভটিজিং প্রতিরোধের বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখবেন। কলেজের আশপাশে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে তিনি ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা তাদের।
সাধারণ শিক্ষার্থীদের কয়েকজন বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কলেজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হলে শিক্ষার পরিবেশ আরও সুন্দর হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে কলেজ পরিচালনার প্রত্যাশাও জানান তারা।
এদিকে কামাল উদ্দিনকে সভাপতি মনোনীত করায় গাছাবাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্বে গাছা কলেজ শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।