গাজীপুর মহানগরের গাছা থানাধীন বোর্ডবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোহাম্মদ মানিক হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মানিক হোসেনের পিতার নাম তৈয়ব রহমান। সোমবার সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশের এএসআই আল আমিনের নেতৃত্বে বোর্ডবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মানিক হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি।
স্থানীয়দের অভিযোগ, মানিক হোসেন দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত। বোর্ডবাজারের মাংসপট্টির ভেতরে তার মাদক কারবারের একটি আড্ডা ছিল বলেও অভিযোগ রয়েছে। সেখান থেকে তিনি নিজে ও তার সহযোগীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রি করতেন বলে স্থানীয়দের দাবি।
স্থানীয়দের আরও অভিযোগ, বোর্ডবাজারের কালাই মার্কেট, মেম্বার মার্কেট, উচামাটি, ফকির মার্কেট ও সুলতান মেডিকেল রোডসহ আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করতেন মানিক। তার কাছ থেকে মাদক কিনতে আসা ব্যক্তিদের কারণে বিভিন্ন সময় স্থানীয় বাসিন্দাদের হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন অনেকে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, মানিক হোসেনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য এর আগেও কয়েক দফা অভিযান পরিচালনা করা হয়েছিল বলে জানা গেছে। তবে সেসব অভিযানে তাকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রাব্বানী জানান, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গাছা থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মানিক হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, বিভিন্ন সময়ে গাছা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারিদের গ্রেপ্তার করলেও তাদের কেউ কেউ জামিনে বের হয়ে পুনরায় অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। তাই মাদক নির্মূলে প্রশাসনের অভিযান আরও জোরদার করার পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।