
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে মাছরাঙা টেলিভিশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর সেখানে জনপ্রিয় দুই বাংলাদেশি অভিনেত্রী পরীমনি ও মেহজাবিন চৌধুরীকে নিয়ে আপত্তিকর ভিডিওসহ মোট পাঁচটি পোস্ট প্রকাশ করা হয়। মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত পোস্টগুলো চ্যানেলটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দৃশ্যমান ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রকাশিত দুটি ভিডিওর একটি ১ লাখ ৫৫ হাজার এবং অন্যটি ১ লাখ ৪৭ হাজারবার দেখা হয়। ভিডিওগুলোতে উল্লেখযোগ্যসংখ্যক প্রতিক্রিয়া ও মন্তব্যও জমা পড়ে।
একটি প্রতিষ্ঠিত গণমাধ্যমের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এ ধরনের পোস্ট প্রকাশিত হওয়ায় অনুসারীদের মধ্যে বিস্ময় ও উদ্বেগ দেখা দেয়। অনেকেই অ্যাকাউন্টটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।
এদিকে, ভিডিওগুলোতে পরীমনি ও মেহজাবিন চৌধুরীকে নিয়ে যেসব দাবি করা হচ্ছে, সেগুলোর সত্যতা ও ভিডিওর উৎস স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওগুলো সম্পাদিত বা বিকৃত কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। তাই যাচাই ছাড়া ভিডিওগুলোর বিষয়বস্তুকে সত্য বলে ধরে নেওয়ার সুযোগ নেই।
মাছরাঙা টেলিভিশনের মাল্টিমিডিয়া ম্যানেজার মাহমুদুল রুবেল গণমাধ্যমকে জানিয়েছেন, চ্যানেলটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে টেলিভিশন কর্তৃপক্ষ বলেও জানান তিনি।
তবে অ্যাকাউন্টটি কীভাবে হ্যাক করা হয়েছে, কারা এর সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে এসব পোস্ট প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিও যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকা প্রয়োজন। বিশেষ করে কোনো ব্যক্তির নামে আপত্তিকর বা বিকৃত ভিডিও ছড়িয়ে পড়লে তার সত্যতা নিশ্চিত না হয়ে প্রচার করা সংশ্লিষ্ট ব্যক্তির সম্মান ও সুনামের ক্ষতির কারণ হতে পারে।