প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৩:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ৫:০২ পি.এম
১৪ চোরাই মোটরসাইকেল ও ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৬
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি ও চকবাজার থানা পৃথক অভিযান চালিয়ে আন্ত জেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতাসহ পাঁচজন মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি স্বর্ণ আত্মসাৎ মামলার এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৪টি চোরাই মোটরসাইকেল এবং প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার করেছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএমপির উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান প্রামাণিক এ তথ্য জানান।
তিনি বলেন, ধারাবাহিক অভিযানে মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে বড় ধরণের সাফল্য এসেছে। গত ১২ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন কাঠের বাংলো এলাকা থেকে চক্রের সক্রিয় সদস্য মো. সুমনকে (৩০) গ্রেপ্তার করে আমাদের টিম।
পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও চারজন আসামিসহ মোট ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তাদের দেওয়া তথ্যে আরও আটটিসহ মোট ১৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।তিনি আরো বলেন, চকবাজার থানা এলাকার একটি চঞ্চল্যকর স্বর্ণ আত্মসাতের ঘটনায় মামলার ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৭ অক্টোবর বিকেলে মামলার আসামি লাইলাতুল নুসরাত নিপা (৩৬) দাওয়াত খাওয়ার নাম করে বাদীর স্ত্রী ও মায়ের কাছ থেকে মোট ৮ ভরি ৮ আনা ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালংকার নিয়ে আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় চকবাজার থানায় গত ১৮ অক্টোবর প্রতারণা ও বিশ্বাসভঙ্গ সংক্রান্ত অপরাধে একটি মামলা দায়ের করা হয়।মামলার চকবাজার থানা পুলিশ প্রযুক্তি ও গোপন সংবাদের সহায়তায় ১৮ অক্টোবর দুপুরে খুলশী থানাধীন বাগঘোনা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি লাইলাতুল নুসরাত নিপাকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যে অভিযান চালিয়ে ৩টি আংটি, ২ জোড়া কানের দুল, আরো ৯টি আংটি, ১টি হাতের বালা, ৩টি গলার চেইন এবং ৩ জোড়া কানের দুলসহ মোট ৫ ভরি ১ রতি ১ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১১ লাখ টাকারও বেশি।
পুলিশ জানিয়েছে, আত্মসাৎকৃত বাকি স্বর্ণালংকার উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্বত্ব © ২০২৫ || সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল প্রকাশক তানজিল মাহমুদ