
মাদারীপুরের শিবচরে ইসরায়েল ইস্যুতে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়ে আলোচনায় এসেছেন রবিন চৌধুরী নামে এক আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। আর্জেন্টিনার প্রেসিডেন্টের ইসরায়েল-সমর্থনের প্রতিবাদ জানিয়ে তিনি দুধ দিয়ে গোসল করেন এবং প্রতীকীভাবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থন ত্যাগের ঘোষণা দেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে শিবচর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, রবিন চৌধুরী দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নিবেদিত সমর্থক ছিলেন।
রবিন চৌধুরী জানান, ফিলিস্তিনে চলমান হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের প্রতি আর্জেন্টিনার প্রেসিডেন্টের প্রকাশ্য সমর্থন তাকে গভীরভাবে ব্যথিত করেছে। এর প্রতিবাদ হিসেবেই তিনি দুধ দিয়ে গোসল করে প্রতীকীভাবে আর্জেন্টিনা দলের সমর্থন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, “ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার পরও আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন। একজন মুসলমান হিসেবে আমি এটি মেনে নিতে পারিনি। তাই প্রতিবাদের ভাষা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছি।”
ব্যতিক্রমী এই প্রতিবাদের ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
মন্তব্য করুন