
মাদারীপুরের শিবচরে ১৬০ শতাংশ পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টা, বাড়িঘর ভাঙচুর এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি ও হুমকি দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
সোমবার (১০ আগস্ট) দুপুরে শিবচর প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মৃত ডা. নুর মোহাম্মদ মোড়লের পুত্রবধূ সিমা আক্তার অভিযোগ করেন, আব্দুল হাই মিয়া ও তার ছেলে মেজর ফাহিম সিদ্দিকী প্রভাব খাটিয়ে তাদের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করছেন। এ সময় বাড়িঘর ভাঙচুর, উচ্ছেদের চেষ্টা, পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা এবং হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।
সিমা আক্তার আরও অভিযোগ করেন, তাদের বাড়িতে থাকা এক ভাড়াটিয়াকেও জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে এবং ঘর ভাঙচুর করা হয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও দাবি করেন তিনি।
মানববন্ধনে মেজর ফাহিম সিদ্দিকীর আপন মামা বলেন, “আমি অসুস্থ মানুষ, ব্রেন স্ট্রোকের রোগী। আমার ভাগিনা মেজর ফাহিম আমাকে পাঁচটি মামলা দিয়ে ফেরারি করে রেখেছেন। আমি বাড়িতে আসতে পারি না। আমার স্ত্রী-সন্তানদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। নূর মোহাম্মদ ডাক্তারের বাড়ির ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও তারা সেখানে দখল করে আছে। কিছু বলতে গেলেই মামলা দেওয়া হয়। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। একজন নাগরিক হিসেবে আমি এর বিচার চাই। রাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বিচার চাই।”
আরেক ভুক্তভোগী বলেন, “আমি সৌদি প্রবাসী। দুই কোটি ২৪ লাখ টাকা দিয়ে জমি কিনেছি। কিন্তু আমাকে জমিতে যেতে দেওয়া হচ্ছে না। উল্টো আমার বিরুদ্ধে আটটি মামলা দেওয়া হয়েছে। জমিতে বাড়ি নির্মাণের জন্য ইট-পাথর কিনেছি, সেগুলোও জমিতে নিতে দেওয়া হচ্ছে না। হয় আমাকে আমার জমি বুঝিয়ে দেওয়া হোক, না হলে আমার টাকা ফেরত দেওয়া হোক।”
মানববন্ধনে বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, বিরোধপূর্ণ সম্পত্তি নিয়ে আইনগত সমাধান, হয়রানি ও হুমকি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
তবে এসব অভিযোগের বিষয়ে আব্দুল হাই মিয়া ও মেজর ফাহিম সিদ্দিকীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মন্তব্য করুন