
গাজীপুর নগরের বোর্ড বাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালনার অভিযোগ উঠেছে। এসব ফুটপাত দখলকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, প্রতিদিন প্রতিটি দোকান ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীর কাছ থেকে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। তবে কারা এই চাঁদা নিচ্ছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে তারা অপারগতা প্রকাশ করেন। নিজেদের ও ব্যবসার নিরাপত্তার কথা বিবেচনা করে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও জানান তারা।
এদিকে, স্থানীয় পথচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফুটপাত দখল করে দোকান বসানোর ফলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়। একই সঙ্গে ফুটপাত ব্যবহার করতে না পেরে সাধারণ মানুষকে রাস্তায় নেমে চলাচল করতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে এবং চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
পথচারীরা অভিযোগ করে বলেন, প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করলেও ফুটপাত দখলের বিষয়টি দেখার যেন কেউ নেই। দ্রুত ফুটপাত দখলমুক্ত করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ বিষয়ে সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করে ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক।
মন্তব্য করুন