

গাজীপুর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ৩৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিনকে প্রার্থী করার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী ও স্থানীয় ভোটাররা। তাদের দাবি ও অনুরোধের মুখে তাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাল উদ্দিন নিজে থেকে নির্বাচন করতে আগ্রহী না হলেও ৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তাকে প্রার্থী হিসেবে দেখতে চান। এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে তার পরিবার সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় এলাকার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
কামাল উদ্দিন জানান, ৩৮ নম্বর ওয়ার্ড তার পিতৃভূমি এবং শৈশব কেটেছে এই এলাকাতেই। এলাকার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তবে তিনি ব্যক্তিগতভাবে নির্বাচন করার বিষয়ে আগ্রহী ছিলেন না। কিন্তু স্থানীয় বাসিন্দা ও ভোটারদের বারবার অনুরোধ ও প্রত্যাশার কারণে বিষয়টি নিয়ে ভাবতে হচ্ছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বললে তারা জানান, কামাল উদ্দিনের পিতা গাজীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এছাড়া তার বড় ভাই মোঃ মনির হোসেন রবি এলাকায় একজন জনবান্ধব সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন এবং সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, “কামাল উদ্দিনের পরিবার দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছে। আমরা চাই সেই পরিবারের একজন সদস্য হিসেবে কামাল উদ্দিন আমাদের প্রতিনিধি হয়ে এলাকার উন্নয়নে কাজ করুক।”
অনেক বাসিন্দা আরও বলেন, কামাল উদ্দিনের যোগ্যতা ও ব্যক্তিত্বের তুলনায় কাউন্সিলর পদটি খুবই ছোট একটি দায়িত্ব। তারা তাকে ভবিষ্যতে আরও বড় দায়িত্বে দেখতে চান। তবে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৮ নম্বর ওয়ার্ডে যোগ্য প্রার্থীর অভাব রয়েছে বলেও মনে করেন তারা।
তাই এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণের স্বার্থে কামাল উদ্দিনকে কাউন্সিলর পদে নির্বাচন করার জন্য এলাকাবাসী ও ভোটাররা জোর দাবি জানিয়েছেন। তাদের আশা, তিনি নির্বাচনে অংশ নিলে এলাকার দীর্ঘদিনের সমস্যা ও হতাশা দূর হবে।
মন্তব্য করুন