
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সজীব আহমেদ শাহিনের উদ্যোগে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মানবসেবামূলক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী তার ভূয়সী প্রশংসা করছেন।
প্রচারিত বিজ্ঞপ্তি অনুযায়ী, “মানুষের সেবাই যার অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বড়বাড়ি বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থিত আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান মডেল ল্যাব ডায়াগনস্টিক-এর তত্ত্বাবধানে ক্যাম্পটি অনুষ্ঠিত হবে।
মেডিকেল ক্যাম্পে গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. নাসরিন আক্তার রানি এবং ফ্যামিলি মেডিসিন, চর্ম ও যৌন এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. মাসুদ হোসেন রোগীদের চিকিৎসা পরামর্শ প্রদান করবেন বলে জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের আগে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অনেকেই মনে করছেন, জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সজীব আহমেদ শাহিন ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।
ক্যাম্পের আয়োজক ও কাউন্সিলর পদপ্রার্থী সজীব আহমেদ শাহিন বলেন, “সাধারণ মানুষের পাশে থাকা এবং তাদের মৌলিক সেবাগুলো নিশ্চিত করার চেষ্টা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষ যেন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।”
উল্লেখ্য, সজীব আহমেদ শাহিন গাছা মেট্রো থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এবং ৩৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি।
মন্তব্য করুন