
দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার লক্ষ্যে গাজীপুরের গাছা থানা বিএনপির নেতারা সব ধরনের মতভেদ ভুলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
শুক্রবার গাজীপুরের বোর্ডবাজার এলাকায় গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘদিনের রাজনৈতিক মতপার্থক্য নিরসনের মাধ্যমে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সূত্রে জানা যায়, গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খানের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অবস্থানগত কিছু মতভেদ ছিল। তবে দল ও দেশের বৃহত্তর স্বার্থে সেই বিরোধ নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মো. কামাল উদ্দিন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষেরও ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “সরকার ও প্রশাসন এককভাবে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খল দেশ গড়তে পারবে না। এজন্য জনগণ ও রাজনৈতিক কর্মীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নিজেদের মধ্যে বিভক্তি থাকলে বিরোধী শক্তি ও সুযোগসন্ধানীরা সেই সুযোগ কাজে লাগাতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে হবে।”
গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান সভায় বক্তব্য দিয়ে বলেন, “ঐক্যবদ্ধ বিএনপি ইস্পাতের চেয়েও শক্তিশালী। নিজেদের সামান্য মতবিরোধের সুযোগ নিয়ে কেউ যেন দল বা দেশের ক্ষতি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে ঐক্য প্রতিষ্ঠা জরুরি। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে একটি সুন্দর, সুশৃঙ্খল ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
সভায় গাছা থানা বিএনপির সভাপতি বাবুল সিপাহ বলেন, “গত ১৮ বছর ধরে যারা জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, সেই ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব। সুসময়ে নতুন মানুষের অভাব হয় না, তবে দুর্দিনের পরীক্ষিত কর্মীদের যেন আমরা ভুলে না যাই।”
অনুষ্ঠানের শেষে দল ও রাষ্ট্রের স্বার্থে সকল মতবিরোধ দূর করে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন গাছা থানা বিএনপির নেতারা।
মন্তব্য করুন