
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় স্থানীয় এক ছাত্রদল নেতার সঙ্গে কথোপকথনের সময় তিনি বলেন, “আমি আপনার অনেক আগেই ঢাকায় ছাত্রদল করেছি।”
জানা যায়, সভায় বক্তব্য দেওয়ার সময় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করেন, পুলিশ সুপার দায়িত্ব নেওয়ার পরও বিভিন্ন ‘ফ্যাসিস্ট’ হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এর জবাবে পুলিশ সুপার বলেন, এটি রাজনৈতিক বক্তব্য দেওয়ার মঞ্চ নয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সম্পর্কে মন্তব্য করতে হলে তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলা উচিত। একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, তিনি অতীতে ঢাকায় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সে অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।
পরে আবার বক্তব্যে ফখরুল ইসলাম মিঠু দাবি করেন, বিভিন্ন বিষয়ে তথ্য দেওয়ার পরও অনেক অভিযুক্তকে গ্রেপ্তার করা হচ্ছে না। উত্তরে পুলিশ সুপার বলেন, ব্যক্তিগত বিরোধের কারণেও অনেককে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়া হচ্ছে, যা সবসময় বাস্তবতার সঙ্গে মিল নাও থাকতে পারে।
আলোচনা সভায় তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠিন ছিল এবং পুলিশ বাহিনীকে নতুন করে কার্যক্রম স্বাভাবিক করতে হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময়ের নানা সমস্যার প্রভাব এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে। তিনি সরকারের কার্যক্রম মূল্যায়নে কিছুটা সময় দেওয়ারও আহ্বান জানান।
সভায় দেওয়া এই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
মন্তব্য করুন