

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ভোটার ও স্থানীয় বাসিন্দাদের দোয়া ও সমর্থন কামনা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও গাছা থানা স্বেচ্ছাসেবক দল নেতা হাজী শাকিল হোসেন জয়।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নিজেদের প্রার্থিতা ঘোষণা ও গণসংযোগ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় কয়েকদিন আগে পোস্টার, লিফলেট ও বিভিন্ন প্রচারণার মাধ্যমে ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন হাজী শাকিল হোসেন জয়।
প্রার্থিতা ঘোষণা করে তিনি বলেন, “প্রার্থী অনেকেই হবেন। যারা প্রার্থী হবেন, তারা সবাই যোগ্য এবং অনেকেই আমার সিনিয়র। তবে আমি বিশ্বাস করি, নেতৃত্ব আল্লাহর দান। আল্লাহ তাআলা যাকে মনোনীত করবেন, জনগণ তাকেই ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।”
নির্বাচিত হলে নিজের অগ্রাধিকার তুলে ধরে তিনি বলেন, “আমার প্রথম চ্যালেঞ্জ হবে ৩৭ নম্বর ওয়ার্ড থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও ডাকাতি নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, “আমার দ্বিতীয় লক্ষ্য হবে একটি পরিচ্ছন্ন ও সবুজ (গ্রীন) ওয়ার্ড গড়ে তোলা। পরিবেশ রক্ষা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড গড়তে চাই।”
শিক্ষা খাতের উন্নয়নকে তৃতীয় অগ্রাধিকার উল্লেখ করে হাজী শাকিল হোসেন জয় বলেন, “সমাজের অনেক নিম্ন আয়ের পরিবারের সন্তান শুধু অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে না। আমি নির্বাচিত হলে তাদের জন্য কার্যকর সহযোগিতার ব্যবস্থা করব। আমার লক্ষ্য থাকবে, অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত না হয়।”
রাজনৈতিক জীবন সম্পর্কে তিনি বলেন, “আমি বুঝ হওয়ার পর থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমার পুরো পরিবার এই দলের আদর্শ ধারণ করে। গত ১৭ বছরে আমি একাধিকবার কারা নির্যাতনের শিকার হয়েছি, রি-অ্যারেস্ট হয়েছি এবং বিভিন্ন হামলা-মামলা ও নির্যাতনের মুখোমুখি হয়েছি। তবুও মানুষের পাশে থাকার চেষ্টা কখনো থামাইনি।”
সবশেষে তিনি বলেন, “আমি এলাকার নেতা হতে আসিনি। আমি আমার এলাকার ভাইদের ভাই, বোনদের ভাই এবং নতুন প্রজন্মের অভিভাবক হতে চাই। আমার কাছে পুরো ৩৭ নম্বর ওয়ার্ডই একটি পরিবার। এই পরিবারের উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ৩৭ নম্বর ওয়ার্ড গড়তে চাই।”
মন্তব্য করুন