
দলীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে মহানগরীর জয়দেবপুর শিববাড়ি সড়কের ওয়্যারলেস গেট এলাকা থেকে র্যালিটি বের করা হয়। এর আগে নির্ধারিত সময়ের অনেক আগেই মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওয়্যারলেস গেট এলাকায় জড়ো হতে থাকেন।
তবে অনুষ্ঠান শুরুর আগেই শুরু হয় প্রবল বৃষ্টি। এতে নির্ধারিত সময়ে র্যালি শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি থামার অপেক্ষায় হাজার হাজার নেতাকর্মী ওয়্যারলেস গেট এলাকার সড়ক, বিভিন্ন দোকানপাট ও ভবনের সামনের আঙিনায় ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে অবস্থান করেন।
দীর্ঘ সময় অপেক্ষার পরও বৃষ্টি না কমায় শেষ পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করেই নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর র্যালি শুরু হয়।
গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি এবং মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের যৌথ নেতৃত্বে র্যালিটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম, মীর হালিমুজ্জামান ননী, অ্যাডভোকেট শহীদুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম, অধ্যাপক নজরুল ইসলাম, গাজী সালাউদ্দিন, সরকার জাবেদ সুমন, সাংবাদিক দেলোয়ার হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজেই শোভাযাত্রা নিয়ে শিববাড়ি মোড়ের বিআরটি প্রকল্পের বাসস্ট্যান্ড ও ওয়্যারলেস গেট এলাকায় পথসভায় মিলিত হন। পরে ওয়্যারলেস গেটে আয়োজিত পথসভায় দলের নেতারা উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
পথসভার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশের দুই মহান রাজনৈতিক নক্ষত্রের রক্তের উত্তরাধিকার বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে গাজীপুর বিএনপি ও দলের সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে ঐক্যের পক্ষে দৃঢ় একাত্মতা প্রকাশ করেন।
প্রতিকূল আবহাওয়া ও অবিরাম বৃষ্টির মধ্যেও গাজীপুর মহানগর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মন্তব্য করুন