
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে নিয়ে বিএনপি নেতা রাশেদ খানের করা মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে পাল্টাপাল্টি বাক্যযুদ্ধ। দুই নেতার ব্যঙ্গাত্মক মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (২০ জুন) ফেসবুকে দেওয়া এক পোস্টে বিএনপি নেতা রাশেদ খান এমপি হানজালাকে উদ্দেশ্য করে লেখেন, এমপি হানজালারে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে সবাই টিকিট কেটে এই অদ্ভুত প্রাণীটাকে দেখতে পারে।
একই পোস্টে তিনি আরও দাবি করেন, সম্প্রতি এক বিএনপি নেতার সঙ্গে এমপি হানজালার আচরণ দেখে তিনি বিব্রত হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, “এ ধরনের ম্যানারলেস লোকজন কীভাবে সংসদ সদস্য হলো?
রাশেদ খানের ওই বক্তব্যের জবাবে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানান এমপি হানজালা। তিনি লেখেন, “রাশেদ খান আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকব বাঘের সঙ্গে—বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না।
পোস্টের আরেক অংশে তিনি রাশেদ খানকে উদ্দেশ্য করে বলেন, “রাশেদ খানকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে এক গরুর পাশে। দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে। চিড়িয়াখানার কর্তৃপক্ষকে শুধু একটা অনুরোধ—গরুটা যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে!”
উল্লেখ্য, সম্প্রতি শিবচর উপজেলার একটি সালিশ বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে এমপি হানজালাকে উত্তেজিত আচরণ করতে দেখা যায় বলে দাবি করেন সমালোচকরা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছিল। এরই ধারাবাহিকতায় দুই নেতার সাম্প্রতিক পাল্টাপাল্টি মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
মন্তব্য করুন