
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জের ১ নম্বর চর আবাবিল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক কাউসারের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে দাবি করেছেন তিনি।
কাউসারের দাবি, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মাদক ব্যবসার মতো গুরুতর অভিযোগ তুলে বিভিন্ন মাধ্যমে প্রচার করছে। এতে তার সামাজিক ও রাজনৈতিকভাবে মানহানি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, জীবনে কখনো মাদক ব্যবসার সঙ্গে তো দূরের কথা, কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গেও তিনি জড়িত ছিলেন না। তার বিরুদ্ধে যেসব অভিযোগ প্রচার করা হচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি।
কাউসার আরও দাবি করেন, তিনি সবসময় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন। তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতেই একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে।
তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেসবুক আইডি ও ফেক আইডির মাধ্যমে যেসব অভিযোগ প্রচার করা হচ্ছে, সেগুলোর সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশের আহ্বান জানিয়েছেন কাউসার। একই সঙ্গে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তার সম্মানহানি করার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
কাউসার বলেন, কোনো ব্যক্তি তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ করলে তা যথাযথ তদন্তের মাধ্যমে প্রমাণ করতে হবে। অভিযোগের সত্যতা না থাকলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যারা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদেরও আইনের আওতায় আনা উচিত।
স্থানীয় কয়েকজন বাসিন্দারও দাবি, কাউসারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান বা যাচাইযোগ্য প্রমাণ তাদের সামনে আসেনি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় সচেতন নাগরিকদের মতে, কারও বিরুদ্ধে মাদক ব্যবসার মতো গুরুতর অভিযোগ ওঠলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পরিবর্তে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তদন্ত হওয়া উচিত। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা এবং অভিযোগ মিথ্যা হলে অপপ্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে কাউসার তার বিরুদ্ধে ছড়ানো অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসুক। তিনি কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত নন—এমন দাবিও পুনর্ব্যক্ত করেন।
মন্তব্য করুন