
মাদারীপুরের শিবচরে প্রশাসনের উদ্যোগে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে মানবিক সহায়তা হিসেবে হুইল চেয়ার ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলা পরিষদের পদ্মা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ১০০ জন প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার এবং ২৭টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ১০০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে মানবিক সহায়তা হিসেবে পাওয়া ঢেউটিন ২৭টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার। সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিস চন্দ্র বোস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, সরকারি মানবিক সহায়তার অংশ হিসেবে ১০০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার এবং ২৭টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে। সরকারি সহায়তা প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন