

এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান।
তিনি বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাকর্মী ও সমন্বয়কদের দাপট দেখা গেলেও বর্তমানে বিরোধী দলে যাওয়ার পর তারা আগের মতো অপকর্ম করার সুযোগ পাচ্ছেন না।’
অন্যদিকে, বর্তমানে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন রাশেদ খান।
মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি ।
পোস্টে রাশেদ খান লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে এনসিপির নেতাকর্মী ও সমন্বয়কদের দাপট দেখা গেছে। প্রতিদিনই কোনো না কোনো নেতাকে নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি শহীদ ওসমান হাদির বক্তব্যের উল্লেখ করে এনসিপির বিরুদ্ধে জুলাইয়ের ঐক্য বিনষ্ট করা, জুলাইকে কুক্ষিগত করা এবং দুর্নীতির অভিযোগের কথা তুলে ধরেন।
তবে বর্তমানে এনসিপির কর্মকাণ্ডে আগের মতো তৎপরতা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করে তিনি বলেন, ‘সরকারি দল থেকে বিরোধী দলে যাওয়ার পর এনসিপির নেতাকর্মীরা আর আগের মতো অপকর্মের সুযোগ পাচ্ছেন না। ‘যখন-তখন সচিবালয়ে কিংবা সচিবের রুমে ঢুকে যাচ্ছেতাইও করা যাচ্ছে না।’
জামায়াত-শিবিরের প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের অনেক অপকর্ম গণমাধ্যমে আসেনি। বর্তমানে পাল্লা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অপকর্মে জড়াচ্ছেন।’
অন্যদিকে বিরোধী দলের কর্মকাণ্ডের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের অতীতের তুলনা করতে চান না বলেও জানান রাশেদ খান। একইসঙ্গে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে মিলেই দেশকে এগিয়ে নিতে হবে।’
পোস্টের শেষাংশে দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের কর্মকাণ্ডও নিয়মিত মূল্যায়নের ওপর গুরুত্ব দেন বিএনপির এই নেতা। তিনি সরকারি দলের ছয় মাসের মূল্যায়নের পাশাপাশি বিরোধী দলগুলোরও ছয় মাসের কর্মকাণ্ড পর্যালোচনার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান জানান।
মন্তব্য করুন