
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিবচর উপজেলা কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। র্যালির সূচনাপর্বে উপস্থিত থেকে নেতৃত্ব দেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল আহমেদ ও শিবচর পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম। পরে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৭১ চত্বরে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী হেলেন জেরিন খানের নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী তানিয়া সুলতানা লাইজু।
শিবচর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শিল্পী আক্তার নিলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কর্মসূচি পরিচালনা করেন শিবচর পৌর জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম আহ্বায়ক তাসলিমা মল্লিক।
এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নার্গিস আক্তারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় তাসলিমা মল্লিক বলেন, “জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও নারী সমাজের মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ষড়যন্ত্র বা বাধা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে থামাতে পারবে না।
প্রধান অতিথির বক্তব্যে তানিয়া সুলতানা লাইজু বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরাও রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী দিনেও গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নারী সমাজকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সভাপতির বক্তব্যে শিল্পী আক্তার নিলা বলেন, “শিবচরের জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে সক্রিয় রয়েছেন। গত ১৭ বছর আমাদের রাজপথে নামতে দেওয়া হয়নি, সাধারণ মানুষের সেবা করার সুযোগও দেওয়া হয়নি। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে সাধারণ মানুষের পাশে থাকতে চাই। তাদের অধিকার ও ন্যায্য দাবির কথা তুলে ধরাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
পরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন