

স্টাফ রিপোর্টার, গাজীপুর:
গাজীপুর নগরীর গাছা থানার ৩৮ নং ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর এলাকায় দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন। মাত্র তিন দিনের মধ্যে প্রায় ৩০০ বাড়ির ১১০০ পরিবারের দীর্ঘ ভোগান্তির অবসান ঘটিয়ে তিনি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে দক্ষিণ খাইলকুর এলাকার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী। রান্নাবান্না, দৈনন্দিন জীবনযাপন এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গ্যাস না থাকায় বাড়িভাড়াও উল্লেখযোগ্য হারে কমে যায়। আগে যেখানে একটি সিঙ্গেল রুম ভাড়া ছিল ৩ হাজার ৫০০ টাকা, তা কমে দাঁড়ায় ২ হাজার টাকায়। একইভাবে ৮ হাজার টাকার ফ্ল্যাট ভাড়া কমে হয় ৫ হাজার টাকা।
এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো সমাধান না পাওয়ায় তারা বিএনপি নেতা মোঃ কামাল উদ্দিনের শরণাপন্ন হন। পরে এলাকাবাসীর সঙ্গে এক উঠোন বৈঠকে তিনি এক সপ্তাহের মধ্যে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেন। তবে আশ্বাসের মাত্র তিন দিনের মধ্যেই সমস্যার সমাধান হওয়ায় এলাকাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বলেন,
“দক্ষিণ খাইলকুর আমার জন্মস্থান। এলাকার মানুষ আমাকে নিজেদের সন্তান মনে করে তাদের সমস্যার কথা জানিয়েছেন। জনগণের কষ্ট আমি কাছ থেকে অনুভব করেছি বলেই দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন,
“শুধু দক্ষিণ খাইলকুর নয়, গাজীপুরের যেকোনো এলাকার মানুষের সমস্যা আমার কাছে এলে আমি গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ভাইয়ের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করি। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।”
স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ মালুম বলেন,
“কামাল উদ্দিন ভাই এক সপ্তাহ সময় চেয়েছিলেন। কিন্তু তিনি মাত্র তিন দিনের মধ্যে গ্যাস সমস্যার সমাধান করে দিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।”
আরেক বাসিন্দা মাজহারুল ইসলাম রুবেল বলেন,
“তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে, এই সমস্যা সমাধানে জনগণকে কোনো টাকা দিতে হবে না। প্রয়োজনে নিজেই খরচ করবেন। তিনি কথা রেখেছেন এবং দ্রুত কাজটি সম্পন্ন করেছেন।”
গ্যাস সংকট নিরসনের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও মোঃ কামাল উদ্দিনের প্রশংসা করছেন এলাকাবাসী। অনেকে তাকে জনবান্ধব ও সাহসী নেতা উল্লেখ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং দ্রুত সমস্যার সমাধান করার সক্ষমতার কারণে ভবিষ্যতে তারা মোঃ কামাল উদ্দিনকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান।
তবে এ বিষয়ে মোঃ কামাল উদ্দিন বলেন,
“আমি নিজে থেকে নির্বাচন করতে আগ্রহী নই। তবে এলাকাবাসী ও সর্বস্তরের মানুষ চাইলে তাদের স্বার্থে সিদ্ধান্ত নেব।”
মন্তব্য করুন