
গাজীপুর মহানগরের গাছা এলাকায় এক সাংবাদিককে অপহরণ করে মারধর, নগ্ন ভিডিও ধারণ ও ছিনতাইয়ের ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ জাকারিয়া শিকদার “চ্যানেল এস” এর গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি গাছা থানায় দায়ের করা এজাহারে অভিযোগ করেন, গত ২৮ মে দুপুরে দায়িত্ব পালন শেষে বোর্ড বাজারে ফেরার পথে সংবাদ পান যে, গাছা থানাধীন মালেকের বাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পরিত্যক্ত চারতলা ভবনে অসামাজিক কার্যকলাপ চলছিল।
সংবাদের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে গিয়ে গোপনে ভিডিও ধারণ শুরু করলে সেখানে অবস্থানরত কয়েকজন তাকে জোরপূর্বক ভবনের দ্বিতীয় তলায় নিয়ে আটক করে। পরে ভবন মালিকসহ কয়েকজন মিলে তাকে মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোন, “চ্যানেল এস”-এর ভিডিও ধারণের কাজে ব্যবহৃত ডিএসএলআর ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি তাকে জোরপূর্বক উলঙ্গ করে কয়েকজন নারীকে পাশে বসিয়ে ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
আহত অবস্থায় তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে গাছা থানায় মামলা দায়ের করেন।
গাছা থানা পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে গাছা থানার এক কর্মকর্তা বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সাংবাদিক নির্যাতনের এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
এই ঘটনা কে নিয়ে বিস্তারিত মাল্টিমিডিয়া প্যাকেজ প্রতিবেদন আসছে দেখতেও জানতে চোখ রাখুন জাতির কন্ঠ ফেসবুক পেজে।
মন্তব্য করুন