
নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে ওয়ার্ড বিএনপির কার্যালয়সহ স্থানীয় নেতা-কর্মীদের অন্তত ১০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার চর-বলাকি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হোসেন্দী ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা এবং একাধিক মামলার আসামি নাজমুলের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ প্রধানের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা কয়েকটি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি টানবলাকী এলাকার ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ও ভাঙচুর করে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সাবেক যুবলীগ নেতা নাজমুল ও বিএনপি নেতা মাহফুজ প্রধানের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে একটি মামলার হাজিরা দিতে মুন্সিগঞ্জ আদালতে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে তারা এলাকায় ফিরে এলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। অভিযোগ রয়েছে, নাজমুলের সমর্থকরা সংঘবদ্ধ হয়ে মাহফুজ প্রধানের বাড়িসহ তার অনুসারীদের বিভিন্ন বাড়িতে হামলা চালায়। এতে কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয় এবং বাড়ির মালামাল লুটপাটের ঘটনাও ঘটে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মিনহাজুল আলম বলেন, “এটি কোনো রাজনৈতিক সংঘাত নয়। স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন