
পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন গাজীপুর জোন-১১।
বুধবার সকাল ১০টায় গাজীপুর মহানগরের গাছা থানার ভোর্ড বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিডি ক্লিনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন বিডি ক্লিন গাজীপুর জোন-১১ এর সমন্বয়ক মো. হাসান। এ সময় উপস্থিত ছিলেন মো. সুরভ, ফারিয়াহ আক্তার, মো. তাহমিদ, মো. সুজনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের পরিবেশ রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করতে বিডি ক্লিন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের ৬৪টি জেলায় সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি জেলায় সমন্বয়ক, প্রতিনিধি ও স্বেচ্ছাসেবক সদস্যরা পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেন।
মানববন্ধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে সমন্বয়ক মো. হাসান বলেন, “বিডি ক্লিনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এ কর্মসূচির আয়োজন করেছি। একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিডি ক্লিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রমকে সফল করতে আমরা সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।”
তিনি জানান, সংগঠনের ১০ দফা দাবির মধ্যে রয়েছে— হয়রানিমুক্ত বাংলাদেশ, পরিচ্ছন্ন বাংলাদেশ, ধর্ষণমুক্ত বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, মানুষের প্রতি মানুষের সম্মান নিশ্চিতকরণ, দায়িত্বশীল বাংলাদেশ, প্রতিহিংসামুক্ত বাংলাদেশ, পরিচ্ছন্ন মানসিকতার মানুষ, নিরাপদ বাংলাদেশ এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠা।
বক্তারা আরও বলেন, একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, পরিবেশ দূষণ রোধে ভূমিকা রাখা এবং সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে।
মানববন্ধন থেকে দেশের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ জনগণকে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন