
গাছায় ভুয়া মহিলা ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ: দুইজন পুলিশ হেফাজতে
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুরের গাছা এলাকায় ভুয়া মহিলা ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয় দিয়ে এক বাসাবাড়ির মালিককে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবির অভিযোগে দুই ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গাছা থানার বোর্ডবাজার এলাকার বাসিন্দা মো. আয়নাল হক গত ৭ জুন গাছা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৭ জুন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মো. মিন্টু (৩৫) ও শ্রাবন্তী আক্তার (৩০) তার বাসায় প্রবেশ করেন। সেখানে মিন্টু নিজেকে ‘তিতাস গ্যাসের উচ্চপদস্থ কর্মকর্তা’ হিসেবে পরিচয় দেন এবং বাসার গ্যাস সংযোগ অবৈধ দাবি করে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা তাকে জানায় যে, অল্প সময়ের মধ্যেই ম্যাজিস্ট্রেট এনে তার বাড়ীতে অভিযান চালানো হবে, তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে এবং তাকে জেলেও পাঠানো হতে পারে। অভিযোগে আরও বলা হয়, বিষয়টি ‘রফাদফা’ করার জন্য মিন্টু তার কাছে ৩ লাখ টাকা দাবি করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, একই দিন রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা পুনরায় বাসায় এসে দাবিকৃত অর্থ পরিশোধের জন্য চাপ প্রয়োগ করেন। এ সময় আয়নাল হক সন্দেহ প্রকাশ করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে মোঃ মিন্টু মিয়া নিজেকে সাংবাদিক বলে দাবি করেন। পরে তিনি দাবি করেন, তাকে মো. জয়নাল (৩০) ও মো. আশরাফুল (৩৫) এ কাজে পাঠিয়েছেন। এ সময় উপস্থিত লোকজন অভিযুক্তদের কার্যকলাপকে সন্দেহজনক মনে করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে গাছা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিচয় ও অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ কর্মকর্তা ও কথিত তিতাস কর্মকর্তা ও কথিত সাংবাদিক পরিচয়দানকারী মোঃ মিন্টু ও ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী শ্রাবন্তী আক্তারকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সচেতন নাগরিকরা জানান, সাংবাদিকতা ও বিচারিক ক্ষমতা অত্যন্ত দায়িত্বশীল বিষয়। এসব পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানো কিংবা আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা গুরুতর অপরাধ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গাছা থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, অভিযোগে উল্লিখিত সব তথ্য অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। বিষয়টির তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যাবে।
মন্তব্য করুন